চাঁদপুর শহরের পুরাণবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল-আমিন খান (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়। ওই ঘটনায় চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি এবং তার ২ ছেলেসহ দুই মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
ওসি জানান, বুধবার আল-আমিনের দাফন শেষে তার বাবা আবদুল মজিদ খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যে ২৮ জনের নাম উল্লেখ রয়েছে তার মধ্যে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলেকে ১ নম্বর, মোহাম্মদ আলী মাঝিকে ২ নম্বর এবং রাকিবকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া তিন পুলিশ আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। পুলিশের মামলায় পুরানবাজার এলাকার অজ্ঞাত দেড়শ থেকে দুইশ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের পুরান বাজারের সঞ্জয় বর্মণ (১৯), জাকির হোসেন (২৮), বাবুল বেপারী (৪৪), ইয়াছিন মহব্বত (২৫) ও রিপন ইসলাম (২৮)। ওসি জানান, গ্রেগতারদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে মোহাম্মদ আলী মাঝির ছেলে সজিব মাঝি আজ তার ফেসবুক লাইভে এসে দাবি করে বলেন, তার বাবা, ভাইকে ফাঁসাতে এই মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার সময় তার বাবা, সে এবং তার ভাই ৩ জনের কেউই পুরানবাজার ছিল না। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের পরিবারের কোনও সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার খেলার মাঠকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। ওই সময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক আল আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হন।