কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩

কক্সবাজারে সাগরে বিধ্বস্ত কার্গো বিমান উদ্ধারের দৃশ্যকক্সবাজার কার্গো বিমান দুর্ঘটনায় ফ্লাইট ইঞ্জিনিয়ার কুশি নোলরির (৪০) পর আরও ২ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো  তিনে।
বিমানের চার ক্রু-এর অবশিষ্ট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেন। সাধন কুমার মনে করেন, যান্ত্রিক দুর্ঘটনার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।
নিহত অপর দুই ক্রু হলেন নেভিগেটর কারতুরভ(৪৫) ও কো-পাইলট জুলদিমির(৩৮)। গুরুতর আহত অবস্থায় গাটারভ ওয়াদকে(৪৭) উদ্ধার করা হয়েছে। চারজনই ইউরোপের নাগরিক।
৯মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে যশোর যাওয়ার পথে ট্যুর এভিয়েশন নামের একটি পোনাবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের ৫ মিনিটের মাথায় টাওয়ারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে এটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় কক্সবাজার ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
স্থানীয় কাউন্সিলর আকতার কামাল জানান, দেড়ঘণ্টার চেষ্টায় স্থানীয় জনতা ও জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হন। পরে বিকালে আরও  দুইজনের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক আবদুল মজিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে। দুপুরে মৃত সহ দুইজন এবং বিকাল ৪টার দিকে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোলতান আহমেদ সিরাজী জানান, হাসপাতালে আনার বেশ আগেই ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ নোলরি মারা যান। আহত পাইলট গাটারভ ওয়াদের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যুর ভিশন লিমিটেড নামের পোনাবাহী কার্গো বিমান প্রতিষ্ঠানটি পরিচালনা করেন কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

প্রতিষ্ঠান সূত্র জানান, এই কার্গো বিমানে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে খুলনা, সাতক্ষীরা, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় পোনা পরিবহন করা হচ্ছে।

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ১, নিখোঁজ ২

 / এইচকে/