গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই চক্রান্তের পর চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগকে চলতে হচ্ছে। এখনও সেই চক্রান্ত অব্যাহত আছে।’
রবিবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তানের শাসকগোষ্ঠী চেষ্টা করেছিল। স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়াসহ অনেকে চেষ্টা করেছেন। বারবার আওয়ামী লীগের ওপরে আঘাতে এসেছে। আবার আওয়ামী লীগের ভেতর থেকেও একটি মহল সবসময় কোনও না কোনও প্ররোচনায় ধ্বংসের চেষ্টা করেছে। শেখ হাসিনা এদেশে ঐক্যের প্রতীক হিসেবে এসেছিলেন। তাকেও ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে। আবার হত্যার চেষ্টাও করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজন আছে। এই প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বকে মজবুত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একইসঙ্গে সব চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।