রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আরেক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার বিকালে উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সুহামণি চাকমা (১০) নামে ওই শিশুর মৃত্যু হয়।
সুহামণি চাকমা বালুখালী গ্রামের মহিনি কুমার চাকমার মেয়ে এবং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার নাতনি।
স্বজনরা জানান, বুধবার বিকালে বাড়ির পাশে ডোবায় পানিতে তলিয়ে যায় সুহামণি। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে বন্যায় তলিয়ে যাওয়া বাঘাইছড়ির নারিকেল বাগান সড়ক পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে কৃতিত্ব চাকমা (১১) নামে আরেক শিশু নিখোঁজ হয়। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শান্তি বিকাশ চাকমা বলেন, বাঘাইছড়ি থানা পুলিশ রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা ট্রলার নিয়ে বুধবার দিনভর খুঁজেও তার সন্ধান পায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার সারাদিন খুঁজেও কৃতিত্ব চাকমার সন্ধান পায়নি। এরই মধ্যে সন্ধ্যায় এক শিশুর মৃত্যুর খবর পাই। তার পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে থাকায় এসব ঘটনা ঘটছে। এ নিয়ে বাবা-মা ও স্থানীয় অভিভাবকদের সচেতন হতে হবে।