ফেনীতে যুবলীগের দুই নেতাকর্মীর লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার হয়।
স্থানীয় লোকজন জানান, সকালে সোনাগাজী উপজেলার সাহেবেরহাট এলাকায় খালের পানিতে একজনের লাশ ভেসে আসে। পরে সেতুর নিচে ঝোপের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যান নিহতের স্বজনরা। উদ্ধার হওয়া লাশটি মুশফিকুর রহমানের। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক ছিলেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল আলম বলেন, ‘লাশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কেউ উদ্ধারে আসেননি। পরে লাশটি স্বজনদের বুঝিয়ে দিয়েছি।’
এদিকে, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া ওরফে কানা বাদশা (৪০) নামে যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও হাতে জখমের চিহ্ন আছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজারের একটি স’মিলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। বাদশা মিয়া ওই ইউনিয়নের মধুয়্যাই গ্রামের আবুল খায়েরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী বাদশার পরিবারকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।