চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবিতে জেলা পরিষদের গেটে তালা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। এ সময় তারা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী‌দের বের ক‌রে মূল ফট‌কে (গেট) তালা লা‌গি‌য়ে দেয়।

সোমবার (১২ আগস্ট) সকাল ৯টায় মেঘলা এলাকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে এ অবস্থান ধর্মঘট করা হয়।

ধর্মঘট পালনকারীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও সদস্যরা একে অপরের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে বর্তমান পরিস্থিতিতে তারা সবাই পলাতক রয়েছেন।’

তারা আরও বলেন, ‘জেলা পরিষদ চেয়ারম্যান অবৈধ উপায়ে যে সমস্ত অপকর্ম ও দুর্নীতি করেছেন সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্মগোপনে থে‌কে সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন।’ লোপাট করা প্রকল্প যেন বৈধ কর‌তে না পা‌রে তাই অতি দ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্যদের পরিবর্তন করে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের দাবিও জানান তারা।

এ বিষ‌য়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. মাসুম বিল্লাহ বলেন, ‘প্রতিদিনের মতো আজ (সোমবার) সকালে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারণে অফিস করতে পারি‌নি। অন‌্যা‌ন‌্য কর্মকর্তা কর্মচারীরাও অফিস কর‌তে পার‌ছেন না।’