রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপ-রেজিস্ট্রার অনাল জীবন চাকমার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। যা ১৩ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের সম্মানার্থে ক্যাম্পাসে স্মৃতিফলক স্থাপন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত ছাত্র সংসদ চালু ও নির্বাচনের ব্যবস্থা, টিএসসি চালু, দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুসহ ১৩ দফা জানান শিক্ষার্থীরা। সেই দাবির অগ্রগতি না হওয়ায় ১২ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছিলেন তারা। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহরিন নিগার রিমি বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমাদের আর ১২টি দাবি রয়ে গেছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা পুনরায় আন্দোলনে নামবো।’