জুয়া খেলায় বাধা দেওয়ায় তিন ছাত্রকে জখম করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (১৭ আগস্ট) বিকালে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বিকালে পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশ করেন আন্দোলনকারীরা।
এতে বক্তব্য রাখেন- আমজাদ, মায়েশা, আক্কাস, সাদ্দাম, কাজী সামি, নিশাদ, আয়মান, রিফাত, সজীব প্রমুখ।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরিফের কাছে জুয়া খেলায় বাধা দেওয়ায় আন্দোলনকারী তিন ছাত্রকে জখম করা হয়। এর মধ্যে আশীষ খাদেম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।