চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ঝরনার কাঁঠালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই পর্যটক হলেন কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার গোপাল সিংহের ছেলে অঞ্জন বড়ুয়া (২১) ও চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের শামসুল হকের ছেলে ফয়সাল হক (২২)। তাদের মধ্যে ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থবিদ্যা এবং অঞ্জন কুমিল্লা সরকারি কলেজের ফিন্যান্স বিভাগের স্নাতকের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাঁঠালবাগান এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদিন বলেন, সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। পথে পানির স্রোত বেশি হওয়ায় ঝরনা না দেখেই ফিরে যাচ্ছিলেন তারা। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা একটি গাছের ডালের সঙ্গে লেগে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, ‘এখানে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা দুই বন্ধু ট্রমার মধ্যে আছেন। তারা হাসপাতালে রয়েছেন। কীভাবে কী ঘটেছে কিছুই বলতে পারছেন না তারা। শুধু বলেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দুই বন্ধু।’
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনরা আসলে তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’