স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মীরসরাইয়ের বন্যার্তদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি-ঢাকা। বৃহস্পতিবার সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বন্যার্ত ২২ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলামের তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতি-ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নুরুল হুদা আনসারী, সমিতির অর্থ সম্পাদক এহসানুল হক, প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল আলম খান ও নির্বাহী সদস্য আব্দুল মান্নান।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা আনসারী বলেন, ‘মীরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা সমিতির পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীর দিনগুলোতেও সমিতির পক্ষ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’