কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নাশকতা মামলায় অভিযুক্ত জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের দাবি, জালাল আহমেদ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলোচিত আবদুর রহমান বদির মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে কোস্টগার্ডের সহায়তায় যৌথ অভিযানে জালালকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তার নামে হত্যাচেষ্টা, মানবপাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর জালাল আহমদকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।