চট্টগ্রাম মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়ে ওপর থেকে পাথর পড়ে মাহবুব আলম নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাজী আহমেদ বিন শামস (৩৫) ও মেহেদী হাসান (৩২) নামে দুই জন। তারা তিন জনই ওয়ান ব্যাংকে কর্মরত ছিলেন। আহত গাজী আহমেদ বিন শামসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মাহবুব আলম ঢাকার যাত্রাবাড়ী এলাকার ধনিয়া পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে বিজনেস সাপোর্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
ঝরনা দেখতে আসা মেহেদী হাসান বলেন, ঝরনা দেখার জন্য আমরা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে রওনা হই। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আমরা ছয় সহকর্মী মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় পৌঁছাই। ঝরনায় পৌঁছানোর পর আমরা সবাই মিলে পানিতে ভিজতে গেলে হঠাৎ ওপর থেকে একটি পাথর পড়লে আমি অজ্ঞান হয়ে পানিতে পড়ে যাই। পরে জ্ঞান ফিরলে শুনি, সহকর্মী মাহবুব মারা গেছেন। গাজী আহমেদ বিন শামস গুরুতর আহত হয়েছেন। আমরা সবাই ওয়ান ব্যাংকের হেড অফিসে কর্মরত।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টায় খৈয়াছড়া ঝরনার ওপর থেকে পাথর পড়ে মাহবুব আলম নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মীরসরাই থানায় হস্তান্তর করেছি।
মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, খৈয়াছড়া ঝরনার ওপর থেকে পাথর পড়ে মাহবুব আলম নামে এক পর্যটক ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাজী আহমেদ বিন শামসকে উন্নত চিকিৎসার জন্য ও নিহতের ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।