চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫০ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। বুধবার (২ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তবে এ দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৮৭১ জন, নারী ৪৩৪ জন এবং শিশু ২৯০ জন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১১ জন।