চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকা (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বেঙ্গুরা ৫ নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাড়ি থেকে বোয়ালখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইদুর রহমান খোকার ছেলে মো. রিপন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে পাঁচ জন পুলিশ আমাদের গ্রামের বাড়িতে আসে। থানার ওসির সঙ্গে কথা বলার কথা বলে আমার বাবাকে নিয়ে যায়।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘সাইদুর রহমান খোকা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা আছে। শুক্রবার সকালে এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।’