ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে আ.লীগ মব জাস্টিস চালু করেছে: শিবির সভাপতি

ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে আওয়ামী লীগ মব জাস্টিস চালু করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে নগর উত্তর ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, আজ মব জাস্টিসের কথা বলা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি। অথচ এদেশে ইসলাম নিয়ে যারা কথা বলেছিল, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলীসহ অনেককে অবৈধভাবে বিচারিক কিলিংয়ের মাধ্যমের হত্যা করে তারা (আ.লীগ) প্রমাণ করেছে, এদেশে তারাই প্রথম বিচারবহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে এমন কোনও ঘটনা নেই, যে ঘটনার চিত্র এই জাতি দেখে নাই। আমরা দেখেছি এদেশের ছাত্র-জনতার ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন, পৃথিবীর আর একটি দেশেও এমন নজির খুঁজে পাওয়া যাবে না। ঢাকার রাজপথে লাশ দেখেছি। পুরো দেশে নেট বন্ধ করে ছাত্র-জনতাকে হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার।

শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে এসেছিল, আজ তাদের পরিণতি কী? তারা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। বিগত দুঃশাসনকালে কেউ ইসলাম চর্চা হতে দেখিনি বরং আমরা এমন দৃশ্য দেখেছি- যারা কোরআন-হাদিসের কথা বলেছে তাদের গ্রেফতার করা হয়েছে। বয়স্ক আলেমদের পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে কারাগার থেকে নিয়মিত আদালতে ওঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম বলেন, অপশাসনের অবসানের পর এক অনিশ্চিত যাত্রা থেকে এ জাতি মুক্তির যে আলোর দিশা পেয়ে আজ যে পথ চলছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইসলামি ছাত্রশিবির এবং এ দেশের ছাত্র-জনতা। হাসিনা ফ্যাসিস্ট তার জুলুমে পাহাড়সম নির্যাতনে এ দেশের ছাত্র-জনতার ও তাওহিদি জনতার ত্যাগ এবং মানুষের ত্যাগের বিনিময়ে আমার হাসিনামুক্ত একটি দেশ পাই। তারা আমাদের জুলুম করেছে। তারা ছিল জালেম। জালেমদের জন্য আল্লাহ দুনিয়াকে সঙ্কীর্ণ করে দেন, যার প্রমাণ হাসিনা নিজেই।

মাহফিলে শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী, প্রধান মুফাস্সির হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, মহানগর উত্তরের সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।