সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেফতার আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
আবুল কালাম বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয়। এতে মামলার এজাহারভুক্ত আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র্যাবের তৎপরতা অব্যাহত ছিল।
তিনি বলেন, “গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
গ্রেফতার ব্যক্তিকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।