বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে করা সব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। কচ্ছপের গতিতে কাজ করলে হবে না। দুই-তিন মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার করতে হবে।’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা দেশের টাকা লুট করে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন আর দেশে বসে তার লুটপাটের সহযোগীরা প্রোপাগান্ডা চালাচ্ছেন উল্লেখ করে এ্যানি চৌধুরী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সারা দেশে হিন্দুদের পূজামণ্ডপ পাহারা দিচ্ছেন। যাতে কেউ কোনও ধরনের ষড়যন্ত্র করতে না পারে। লক্ষ্মীপুরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাপূজা এবার নির্বিঘ্নে পালন করছেন।’
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম ও চদ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।