দাওয়াতে যাওয়ার সময় একই পরিবারের ৩ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় নবম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ভুট্টবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝরনা রাস্তার বিপরীতমুখে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকার আবুল কালামের স্ত্রী নুরজাহান বেগম (৫৫), তার মেয়ে কাজল রেখা (২৫) ও কাজলের শিশু সন্তান মোহাম্মদ আনাস (৭ মাস)।

দুর্ঘটনায় আহত হয়েছেন- কাজল রেখার স্বামী মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েমে (২৯), কাজল রেখার বোন শিরিনা আক্তার (২০) ও নিজাম উদ্দিন (৩০)। দুর্ঘটনায় গুরুতর আহত শিরিনাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় নুরজাহান বেগমের বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা সড়কের বিপরীতমুখে সিএনজি অটোরিকশাটি যাত্রী নামানোর জন্য দাঁড়ালে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় অটোরিকশাটি উল্টে রাস্তার পশে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক শিশু, দুই নারীসহ তিন জন মারা যান। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুপুরে দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করেছি। এর মধ্যে তিন জন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন আরও তিন জন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনায়  একই পরিবারের তিন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিতু জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নুরজাহান বেগম, কাজল রেখা, মোহাম্মদ আনাসের লাশ পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম, শিরিনা আক্তার ও নিজাম উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত শিরিনা আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম কম থাকায় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ভটভটির চলাচল অনেকাংশে বেড়ে যায়। মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় দুর্ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কোনও তৎপরতা দেখা যায় না।