চট্টগ্রামে দিনদুপুরে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুরে রাউজান থানার মদের মাল এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. হেলালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত মো. ইলিয়াছ হোসেন অপুকে পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে গ্রেফতার করা হয়।’
নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুলের মোহাম্মদ মুসার ছেলে। স্থানীয় ছাত্রলীগের এই কর্মী নগরের ওমরগণি এম.ই.এস. কলেজের ছাত্র ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ছাত্রলীগের কোনও পদে ছিলেন না। পড়াশোনার পাশাপাশি ইট ও বালুর ব্যবসা করতেন।
গত ২১ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় শিবির-ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তার বাহিনীর সদস্যদের নিয়ে মাইক্রোবাসে এসে গুলি করে চলে যান। এতে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়। ঘটনার সময়ে আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। এ ঘটনায় তাহসিনের বাবা চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন।