আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া অথবা যে কয়টিতে নিরাপত্তাঝুঁকি আছে ওইগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া। এর জন্য অনুরোধও করা হয়েছে। সামনের পর্যটন মৌসুমটাতে আমরা ব্যবসায়ীদের সঙ্গে থাকবো।’
এ সময় মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।