আ.লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতাকে শোকজ

চট্টগ্রামের রাউজান উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। উত্তর দিতে তাকে আগামী তিন কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে দল কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নিম্নলিখিত অভিযোগসমূহ উল্লেখ করা হলো। যার মধ্যে রয়েছে- এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমান প্রবাসী সিআইপি ব্যবসায়ী ইয়াসিনের কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ইয়াসিনের রাউজানের বাড়ি পুড়িয়ে দেওয়া, সিআইপি ব্যবসায়ী মো. ফোরকানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতন, আপনার সন্ত্রাসীরা দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাও চাঁদাবাজির মাধ্যমে এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করেছে।’

নোটিশে আরও বলা হয়, ‘স্বঘোষিত কমিটি ঘোষণা করার বিষয়ে প্রশ্ন করা হলে আপনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, রাউজান কমিটি গঠন করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি করবো। এ ধরনের বক্তব্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা ও ধৃষ্টতা। দীর্ঘ ৬ বছর বিদেশে থেকে নতুন সরকারের শুরুতে দেশে এসে দেশ-বিদেশের সন্ত্রাসীদের ভাড়া করে রাউজানে আপনি অস্থিরতা ও মারাত্মক আতঙ্ক তৈরি করেছেন, যা রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনি এলাকায় বিরূপ প্রভাব ফেলছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে হলেও সম্ভব হয়নি। তবে তার নেতাকর্মীরা জানিয়েছেন, গিয়াস উদ্দিন চৌধুরী বর্তমানে বিদেশে অবস্থান করছেন।