কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। তারই যেন প্রতিফলন ঘটলো ফেনীতে। অপহরণের ঘটনা ঘটিয়ে নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই। এর জেরে গ্রেফতার হয়েছেন তিন জন।
গ্রেফতাররা হলেন- শহরের বারাহীপুরের বাসিন্দা আবুল বশরের ছেলে মো. সাকিব (২১), দাগনভূঞা উপজেলার হিজলি গ্রামের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ছায়েদ (২৪) ও বারাহীপুরের আরেক বাসিন্দা আবুল বশরের ছেলে আল আমিন (২৬)। এ ছাড়া পলাতক আছেন ধর্মপুর ইউনিয়নের বাদশা (২৩)।
পুলিশ জানায়, গত সোমবার (৪ নভেম্বর) ফেনী শহরের উপশম হাসপাতালের সামনে থেকে ইসমাইল হোসেনকে (২৪) অপহরণ করে চার যুবক। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় ইসমাইলের পরিবার ও স্বজনরা থানা পুলিশের দ্বারস্থ হন। এরপর বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় জড়িত বলে থানায় হস্তান্তর করেন।
আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল (উপশম হাসপাতাল) সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাই এবং চার আসামির তিন জনকে গ্রেফতার করি।’
তিনি বলেন, ‘বর্তমানে কাউকে থানায় হস্তান্তর করলে আমরা যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে আটক কিংবা অভিযোগ নিয়ে থাকি।’