চট্টগ্রামের মীরসরাইয়ের মহামায়া ইকোপার্কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) ওই কিশোরী বাদী হয়ে তিন জনকে আসামি করে মীরসরাই থানায় মামলা করে। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
রিয়াজ উদ্দিন উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের ইউসুফের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। মামলার অন্য আসামিরা হলো- মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শহীদুল ইসলামের ছেলে ফরহাদ (২৭) ও নোয়াখালীর রবিন (২৫)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে মহামায়া ইকোপার্ক এলাকায় প্রেমিকের সঙ্গে ঘুরতে আসে ওই কিশোরী। তারা পাহাড়ের ওপরে উঠলে পেছন থেকে রিয়াজ উদ্দিন, ফরহাদ ও রবিন অনুসরণ করে। একপর্যায়ে তারা ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় পেয়ে ভিডিও ধারণ করে এবং প্রেমিককে গাছে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে সন্ধ্যায় ওই প্রেমিক যুগল মহামায়া লেকের টিকিট কাউন্টারে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, মহামায়া ইকোপার্কে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত এজহারনামীয় ১নং আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।