বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণের এক বৃদ্ধের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে জমিতে চাষ করতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এত বৃদ্ধের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের মতে, আগে থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে।
সেখানে কাজ করতে গেলে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ভাজাবনিয়ার আনুসহ কয়েকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
ভাজাবুনিয়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে আনু বলেন, বিকালে ঘুমঘুম ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণের কবলে পড়ে বাঁ পা হারান তিনি। পরে ঘটনাস্থল থেকে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কক্সবাজার উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করি।
ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ির থানার ওসি মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।