ষড়যন্ত্রে পা দেবেন না, শিগগিরই নির্বাচনের পথ তৈরি করুন: বিএনপির বুলু

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘শিগগিরই নির্বাচন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করুন। কোনও ষড়যন্ত্রে পা দেবেন না। ষড়যন্ত্রে ফাঁদে পা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই আন্দোলন-সংগ্রাম ও শহীদদের রক্ত বৃথা যাবে। কাজেই শিগগিরই নির্বাচনের পথ তৈরি করুন।’

রবিবার (১০ নভেম্বর) বিকালে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বরকতউল্লা বুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দুই বছর চেষ্টা করে ৩১ দফা প্রণয়ন করেছেন। রাষ্ট্রের এমন কোনও বিষয় নেই, যা এটাতে নেই। এটাই সংস্কারের মূল। এটা আমরা পার্লামেন্ট থেকে পাস করাবো। আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আগামী নির্বাচনের পর জাতীয় সরকার হবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিল সব দল নিয়ে ওই সরকার হবে। শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্য ছাড়া সম্ভব হবে না।’

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।