কক্সবাজারের টেকনাফে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার হোয়াইক্যংয়ে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, রবিবার রাতে দোকানে বসে কথা বলছিল আব্দুর রহমান ও জাহেদ নামের দুই যুবক। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতির পর্যায়ে চলে গেলে জাহেদ তার কাছে থাকা পিস্তল দিয়ে আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তখনই তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আরও জানান, টেকনাফ থানায় জাহেদের বিরুদ্ধে মাদক হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
তবে এলাকাবাসী বলছেন, মাদকপাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে আব্দুর রহমান মারা গেলে নিহতের স্বজনরা অপরপক্ষের ঘরে আগুন দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।