ফেনীতে একটি গরুর খামারের কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের ভূঞা ডেইরি খামারে এ ঘটনা ঘটে। নিহত খামারকর্মী মো. ইয়াসিন সোহাগ (২৩) ময়মনসিংহের গৌরীপুরের আবদুস সামাদের ছেলে। ওই খামারের কর্মচারী ছিলেন তিনি।
পুলিশ ও খামারের মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত ভূঞা ডেইরি খামারে হানা দেয়। টের পেয়ে খামারের দুজন কর্মী বেরিয়ে আসেন। গরু লুটে বাধা দেওয়ার চেষ্টা করলে খামারকর্মী সোহাগকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। এরপর খামারের তিনটি গরু পিকআপে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অজ্ঞাতনামা স্থানের দিকে চলে যায় তারা। পরে আহত সোহাগকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞা ডেইরি খামারের মালিক মোহাম্মদ মামুন উদ্দিন ভূঁইয়া বলেন, ফেনীতে ভয়াবহ বন্যার পর আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য খামারে ১০টি গরু তুলেছিলাম। দুজন কর্মী গরুগুলো দেখাশোনা করেন। বুধবার রাতে একটি ট্রাক নিয়ে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে পালিয়ে যায়। সোহাগকে মুখোশ পরা দুজন ডাকাত কুপিয়ে হত্যা করেছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য তিন লাখ ৮০ হাজার টাকা।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’