আইনজীবী সাইফুল হত্যা: গ্রেফতার দেখানো হচ্ছে ৯ জনকে

চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- আমান দাস, বুঞ্জা, রুমিত দাস, নয়ন দাস, বিশাল দাস, দুর্লভ দাস, রাজীব ভট্টচার্য্য, সুমিত দাস ও সনু দাস।  

শুক্রবার (২৯ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। তাদের ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারদের হত্যায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, ‘নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দীন শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।

প্রসঙ্গত, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ পান সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।