বাতাসে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে লঞ্চ থেকে নদীতে পড়লেন এক নারী

চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ লঞ্চের যাত্রী মাসুমা আক্তারের (৪২) হাত থেকে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনা নদীতে পড়ে গেছেন। এটি স্থানীয়রা দেখলে নৌ-পুলিশের সহায়তা ওই নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ওসি এ কে এম এস ইকবাল। উদ্ধার হওয়া ওই নারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাচনমেঘ গ্রামের বারাকাত উল্লাহর স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি ঈগল-৩। ওই লঞ্চেই ছিলেন যাত্রী মাসুমা আক্তার (৪০)। লঞ্চটি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করলে ওই টাকা বাতাসে উড়ে যায়। ওই সময় তিনি টাকা ধরতে গিয়ে পা পিছলে লঞ্চ থেকে মেঘনায় পড়ে যান। ঘটনার সময় স্থানীয়রা এই দৃশ্য দেখে নৌ-পুলিশকে খবর দেন। নৌ-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর নৌ-থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, উদ্ধার হওয়া ওই নারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি স্বাভাবিক হলে তার স্বামীর মোবাইল নম্বরে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীর স্বামী বারাকাত উল্লাহ থানায় উপস্থিত হলে তার জিম্মায় তার স্ত্রীকে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।