কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন ও আত্মীয় সাবেক কাউন্সিলর এনামুল হাসানকে টেকনাফ পৌরসভা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবদুর রশিদ।
গত ২৪ নভেম্বর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কক্সবাজার জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম ২১ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছেন। এরপর থেকে কমিটিতে এনামুল হাসানকে রাখা নিয়ে সমালোচনা করছেন টেকনাফ বিএনপির নেতাকর্মীরা।
এ অবস্থায় বুধবার রাতে সংবাদ সম্মেলন করে পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবদুর রশিদ বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসররা বিএনপির বিভিন্ন পদ-পদবি ভাগিয়ে নিচ্ছে। মূলত আমাদের দলের কয়েকজন নেতা দলীয় নির্দেশনা অমান্য করে পদ-পদবি নিয়ে অর্থ-বাণিজ্যে নেমেছেন। এরই সূত্রে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর এনামুল হাসানকে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি আমরা। রাজপথে ছিলাম। এখন ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের পদ-পদবি দেওয়া হচ্ছে। যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ বাড়িয়ে দিয়েছে। এটি আমাদের এবং দলের নেতাকর্মীদের জন্য লজ্জাজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এনামুল আওয়ামী লীগের নেতা এবং দলীয় পরিচয়ে কাউন্সিলর হয়েছেন জানিয়ে আবদুর রশিদ আরও বলেন, ‘সাবেক এমপি বদির ভগ্নিপতি সিআইপি ওমর ফারুকের ছোট ভাই এনামুল। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে বদির স্ত্রী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন আক্তারের পক্ষে নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমন একজন আওয়ামী লীগের দোসরকে বিএনপির ক্রীড়া সংগঠন থেকে বহিষ্কারের জন্য কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে এনামুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আওয়ামী লীগের কোনও কমিটিতে ছিলাম না। আওয়ামী লীগের কোনও কমিটিতে আমার নাম আছে, যদি কেউ এমন প্রমাণ দিতে পারে তাহলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো।’
এ ব্যাপারে জানতে চাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন বাচ্চু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের একজন শীর্ষ নেতার সুপারিশে এনামুল হাসানকে ক্রীড়া সংসদের কমিটিতে রাখা হয়েছে। সে যদি আওয়ামী লীগের দোসর হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’