সাবেক কাউন্সিলর আব্দুল বারেক গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের চকবাজার থানার দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আব্দুল বারেক নগরের পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা পূর্ব হোসেন পাড়া এলাকার মৃত আফজাল আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছিল ছাত্র-জনতা। এতে কাজী মো. সোহেল অংশ নিয়ে ছাত্র-জনতাকে পানি সরবরাহ করেছিলেন। সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং অন্য দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। এ ছাড়া দুষ্কৃতকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় সোহেল দৌঁড়ে প্রাণ বাঁচানোর জন্য নুপুর মার্কেট গলিতে গেলে বারেকসহ অন্য দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করলে আহত হন সোহেল। এ ঘটনায় সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার পলাতক আসামি বারেককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুর ও চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতাল তিনটি মামলা আছে।’