পুলিশের করা মামলা থেকে চাঁদপুর জেলা বিএনপির ৫৬ নেতাকর্মীকে অব্যাহতি

চাঁদপুর শহরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৬ জন নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে সূত্রে জানা যায়, চাঁদুর মডেল থানার মামলায় (জিআর ৮৪৪/২২) উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিমসহ যুবদল ও ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। 

এ বিষয়ে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ বাহার বলেন, ‘সে সময় পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। এ মামলার বাদী ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশে আমাদের নামে মিথ্যা মামলা করে। আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিপি কুহিনুর রশিদসহ সরকারি আইন  কর্মকর্তাসহ সিনিয়র আইনজীবীগণ।