পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

কুমিল্লাকুমিল্লার তিতাসে চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আসামি আবদুল হক (৩৫) ওই গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই  হুমায়ুন কবির চুরি ও ছিনতাইয়ের মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবদুল হককে আটকের জন্য কাপাসকান্দি তার বাড়িতে শুক্রবার ভোরে অভিযান চালায়। পুলিশ আবদুল হককে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তার স্বজনরা ডাকাত বলে চিৎকার করে। এতে বাড়ির লোকজনসহ অন্যরা পুলিশকে ঘেরাও করে আবদুল হককে ছিনিয়ে নিয়ে যায়।
উক্ত ঘটনায় পুনরায় অভিযান চালিয়ে আসামির ভাই নূরে আলম রনি (৩৮), তার স্ত্রী নাজমা বেগম (২৮) ও  প্রতিবেশী জাকির হোসেনের স্ত্রী নাছিমা বেগমকে (৩৮) আটক করে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে আবদুল হকের স্ত্রী ও ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে। ওই আসামিকে থানায় সোপর্দ না করলে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/