২৪ মার্চ বান্দরবানে বন্ধ থাকবে পর্যটকবাহী যান

বান্দরবানের পর্যটকবাহী পিকআপবার্ষিক বনভোজন আয়োজন করার কারণে বান্দরবান পার্বত্য জেলায় আগামী ২৪শে মার্চ পর্যটকবাহী জিপ,মাইক্রোবাস ও পিকআপ যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে বান্দরবান জিপ,মাইক্রো ও পিকআপ মালিক সমিতি।
সংশ্লিষ্ট সূত্র বাংলাট্রিবিউনকে জানায়, আগামী ২৪শে মার্চ বান্দরবান মেঘলা পর্যটন কমপ্লেক্সে জিপ,মাইক্রো ও পিকআপ শ্রমিক ও মালিকরা বার্ষিক বনভোজন আয়োজন করার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উক্ত আয়োজনে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও বান্দরবানের ব্রিগেড কমান্ডার বনভোজনে থাকার সম্মতি দেওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও জানা গেছে,তবে বান্দরবান-চট্টগ্রাম-ঢাকা ও দূর পাল্লার সকল যান চলাচল করবে। এছাড়া যে সকল পর্যটক নিজস্ব গাড়ি নিয়ে বান্দরবানে আসবে তারা স্থানীয় পর্যটন স্পটগুলোতে যাতায়াত করতে পারবে।
বান্দরবান জীপ,মাইক্রো ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর বাংলা ট্রিবিউনকে বলেন, অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবে তাই একদিনের জন্য পর্যটকবাহী যান চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বান্দরবানের প্রধান পর্যটন কেন্দ্র নীলগিরি, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত,চিম্বুক, রুমা ও থানচি উপজেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতের একমাত্র মাধ্যম জিপ,মাইক্রো ও পিকআপ।

/এআর/