নোয়াখালীতে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

পৌর নির্বাচনজাল ভোট দেওয়ার অভিযোগে নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে একদল লোক ভোট কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামসুল ইসলাম ভোটগ্রহণ স্থগিত করে দেন।


কবিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন।

 

/বিটি/