কারারক্ষীদের হাতে আড়াই ঘণ্টা অবরুদ্ধ জেলার

নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে তার কার্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখেন কারারক্ষীরা। বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহিন মিয়া ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ কারারক্ষীদের অভিযোগ শোনার পর জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সবশেষ বিকাল ৫টা ২৫ মিনিটে জেলার বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন।

কারারক্ষীরা তাদের হয়রানিমূলক বদলির জন্য আক্তার হোসেনকে দায়ী করে বদলি আদেশ প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা প্রমাণের দাবিতে আন্দোলন শুরু করেন। এ ঘটনার খবর জানাজানি হলে কারাগারের সামনে ভিড় জমে যায়।

কারারক্ষী নাছির উদ্দীন ও আবদুস সালাম অভিযোগ করে বলেন, জেলার আক্তার হোসেন সাধারণ কারারক্ষী এবং বন্দি আসামিদেরকে নানাভাবে মানসিক অত্যাচার করতেন। যেকোনো কাজের জন্য কারারক্ষীদের টাকা দিতে হতো তাকে। এসব বিষয় নিয়ে একবার আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। তখন আমরা তাকে নিরাপত্তা দিই। ইতিমধ্যে তাকে ওএসডি করে বদলির আদেশ দেওয়া হয়েছে। আজ তার খাগড়াছড়ি ত্যাগ করার কথা। কিন্তু আজ হঠাৎ আমাদের কয়েকজনকে রাজশাহী বদলি করে দেন তিনি। মূলত তিনি নিজে ওএসডি হওয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছেন।

বিক্ষোভের খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহিন মিয়া ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ কারাগারের সামনে ছুটে আসেন। তিনি আন্দোলনরত কারারক্ষীকে ডিউটি থেকে সরিয়ে দিয়ে অস্ত্র জমা নিয়ে নেন।

বিকাল ৪টার দিকে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। আন্দোলনরত কারারক্ষীদের দাবিদাওয়া সম্পর্কে জানতে বৈঠক হয়। এ সময় জেলা সদরের সাম্প্রতিক সময়ে কারামুক্ত এবং জেলারের হাতে নির্যাতিত অনেকে তাদের অভিযোগ জানাতে ভিড় জমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদের কোনও অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার কমিশনার মো. শাহিন মিয়া বলেন, কারারক্ষীদের অভিযোগ শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধান করেছি।

নবাগত ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম বলেন, ‌সকাল থেকে জেলার আক্তার হোসেন বদলিজনিত কারণে খাগড়াছড়ি কারাগারে দায়িত্ব হস্তান্তরের কাজ করছিলেন। হঠাৎ দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করেন। পরে বিষয়টি সমাধান করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।