বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম শহরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কাশেম উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত মনির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মীরসরাই থানাতে দুটি মামলা রয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একই দিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।