প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৯ টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মন্তাজ উদ্দিন ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও মাজহারুল ইসলাম ও সবুজ নামের দুইজনকে আটক করে।
এছাড়া চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দিতে দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
প্রসঙ্গত, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে। এতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী লড়ছেন। ভোটার সংখ্যা ৯২ হাজার ৯৬৭ জন, এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৬১৪ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৩৫৩ জন।
/এআর/