নোয়াখালী সদর উপজেলায় রায়হান (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলা দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী কালী বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ।
নিহত আবদুল হামিদ রায়হান দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী আবিদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে। আটক মারুফ (২৪) একই ইউনিয়নের সেলিমের ছেলে।
জানা গেছে, গত দুই দিন আগে তারাবির নামাজ পড়তে যাওয়ার পর রায়হান নিখোঁজ হয়। এরপর একটা নম্বর থেকে তার পরিবারে কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানায় একটি অভিযোগ করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানার এসআই সুধন চন্দ্র দাশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে দাদপুর ইউনিয়ন থেকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার দেওয়া তথ্যমতে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ রায়হানের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় একজনকে আটক করেছি। আটকের বিরুদ্ধে হত্যা মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।