বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারেরর পানিতে কক্সবাজারের মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে ডুবে দানু মিয়া (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙায় এ ঘটনা ঘটে। দানু মিয়া ওই এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা বাজার থেকে বাড়িতে ফেরার পথে দানু মিয়া জোয়ারের পানিতে ভেসে যান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি তিন থেকে চার চার ফুট বেড়ে যায়। এতে কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ বলেন, উপকূলীয় এলাকায় জোয়ারের পানি বেড়েছে। দুপুরে বাড়িতে ফেরার পথে জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন একজন।