চাঁদপুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে ১৮-দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এ ঘটনায় দীর্ঘ এক যুগ পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (০৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে নিহত তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম এ মামলা করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সদর মডেল থানাকে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি ছাড়াও রয়েছেন তার বড় ভাই জে আর ওয়াদুদ ওরফে টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান ওরফে জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
মামলার আরজিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮-দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ ও বিক্ষোভ মিছিল ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা হামলা ও গুলি চালান। ওই হামলায় তাজুল ইসলাম বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ কর্মী-সমর্থক আহত হন।
বাদী মো. ফারুকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকির কারণে মামলা করা সম্ভব হয়নি। ন্যায়বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশা করি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবো।’
বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন বলেন, ‘তখন অনকূল পরিবেশ না থাকায় প্রায় একযুগ পরে বাদী মামলাটি করেছেন। আশা করছি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাদী ন্যায়বিচার পাবেন।’