ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। রবিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, শনিবার গভীর রাতে শাহেদ কোনাউর গ্রামে একটি বাড়িতে চুরির পর মোহাম্মদ আলী নামে আরেকজনের বাড়ির সিঁধ কেটে ঘরে ঢুকে চুরির চেষ্টা চালায়। এ সময় ঘরের লোকজন শব্দ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলেন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’