রাঙামাটিতে কাঠ বোঝাই মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতরা হলেন- মগবান ইউনিয়নের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিবাগত মধ্যরাতে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানিয়েছেন, রাতে তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে দুই জন মৃত, একজন আহত। মৃত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আছে।