নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাকাতিসহ ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে- যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালিরহাট বাজারে মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সেখান থেকে চলে যান।
পরে কয়েকজন ব্যক্তি কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে রাত ১০টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ সড়কে ফেলে রাখা হয়।
রাতেই এ হত্যাকাণ্ডের পর সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এক ব্যক্তিকে হত্যার পর মিষ্টি বিতরণের ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠি ও লোহার পাইপ উদ্ধার করেছে। নিহতের পকেট থেকে পাওয়া গেছে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি। রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার এখনও কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।