ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক পাঁচটি জনসভা করবে জামায়াতে ইসলামী। সবকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর মধ্যে তিনটি জনসভা চট্টগ্রামে এবং দুটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে মোট পাঁচটি জনসভায় বক্তব্য দেবেন। প্রথম জনসভা হবে সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে, সকাল ১০টায় কক্সবাজার পৌরসভা সদরে বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয়, বেলা ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চতুর্থ জনসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, খেলাফত মজলিসের মহানগরীর আমির মাওলানা এমদাদুল্লাহ সোহাইল প্রমুখ।