নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য, এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই: আমির খসরু

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের নাজিরপাড়া, ডেইলি পাড়া , মাইজপাড়াসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেছেন।

এ সময় তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। আমাদের ধর্মে, রাজনীতিতে সব জায়গায় নারীদের অগ্রাধিকারের কথা বলা আছে। নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। অথচ যেখানে আমরা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলছি, সেখানে নারীদের নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য করেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা শিষ্টাচার বহির্ভূত। এটার ভার জনগণের ওপর ছেড়ে দিলাম, জনগণ নিশ্চয়ই এটা বিবেচনা করবে।

আমির খসরু বলেন, দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামকে আরও শক্তিশালী করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, বিএনপি নেতা  নুরুল আফসার, ইসমাইল, মোহাম্মদ সাত্তার, ইলিয়াস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইকবাল, নাজিম উদ্দিন, আজম সহ প্রমুখ।

এর আগে আমির খসরু ৩৭ নং ওয়ার্ডের এম আজিজের মসজিদের সামনে থেকে শুরু করে ঘাসি মাঝির পাড়া, চৌচালা, আনন্দবাজার, জাফর খান পাড়া, ভেন্ডা চৌধুরী পাড়া মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।