চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভোট উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তবে পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। তবে এসব করে তারা কিছুই করতে পারবে না, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবেন না।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম-১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। লজিস্টিক্যাল হাবের মাধ্যমে সার্বিকভাবে চট্টগ্রামের উন্নয়ন এবং পড়াশোনা, ট্যুরিজম, হসপিটিলাটি বিজনেজ সব কিছু মিলিয়ে মানুষের জীবনযাত্রার মান যাতে উন্নত এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেদিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামের জিডিপি দেশের জিডিপিতে যাতে বড় একটা অবদান রাখতে পারে, সে চেষ্টা থাকবে বলে জানান।
নির্বাচন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘অনেকেই নির্বাচন চায়নি, নির্বাচনের প্রতি তাদের আস্থা নেই। আবার নির্বাচনে গিয়ে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। এগুলো তো ভালো লক্ষণ না। এগুলোর মাধ্যমে তারা কিছু করতে পারবে না। শুধু জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবেন, তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নে বন্দরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রামকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হবে।’
ভোটের দিনের শঙ্কা প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা প্রতিহত করতে হবে।’
হ্যাঁ-না ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।’
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।