ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আবু হানিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা নিজ এলাকার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় তিনি হামলার শিকার হন বলে জানা গেছে। হামলায় আরও দুই জন আহত হয়েছেন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাত পৌনে ৯টার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য বিএনপির পক্ষ থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে পুরো বিষয়টি সাজানো বলে উল্লেখ করা হয়েছে।
চিনাইর গ্রামের বাসিন্দা আবু হানিফ অভিযোগ করেন, প্রচারণার শেষ দিনে তিনি চাপুইর এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। চিনাইর থেকে তিনি মিছিল নিয়ে চাপইর বাজারে যান। সেখানে তিনি পথসভায় বক্তব্য রাখছিলেন। পরে আকস্মিকভাবে হিরণ নামে একজনের নেতৃত্বে বিএনপির লোকজন হামলা করেন। মানবতার রাষ্ট্র গঠনের কথা বলতে গিয়েই তিনি হামলার শিকার হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি বাজার এলাকায় গণসংযোগের সময় শেখ হানিফসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়। এ সময় হানিফের হাতে থাকা একটি মাইক কেড়ে নেওয়া হয়। স্লোগান দেওয়ার সময় লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে বলে ওই ভিডিওতে দেখা যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হামলার ঘটনাটি সাজানো বলে দাবি করেন। তার দাবি, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
এদিকে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।