রাউজানে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, এলাকায় আতঙ্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝেও চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল অস্ত্রধারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। রুস্তম আলী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা এর আগেই পালিয়ে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, কদলপুর এলাকার কামাল বাহিনীর লোকজন এ গুলি ছুড়েছে। ওই বাড়িতে আরেক শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি রায়হান তার দলবল নিয়ে অবস্থান নিয়েছে- এমন খবরে ওই ঘরে হামলা চালিয়েছে কামাল বাহিনীর লোকজন। তবে ওই সময় সন্ত্রাসী রায়হান প্রবাসীর ঘরে ছিল না।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জন অস্ত্রধারী শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান। নির্বাচনের আগে দিন দুপুরে প্রকাশ্যে এমন গোলাগুলি এলাকার লোকজনকে শঙ্কিত করেছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু বলেন, আমরা শুরু থেকে বলে আসছি রাউজান থেকে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের যাতে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার না করেই নির্বাচনের আয়োজন করেছে। এ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাউজানে ১৮ থেকে ১৯ জন খুন হয়েছে। যার বেশিরভাগই হয়েছে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, রাউজান কদলপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে গেছি। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।