দল গ্রহণ না করলেও শপথ নেবেন না বলে জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেছেন, ‘আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবো না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নানা বিষয় নিয়ে শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হান্নান দীর্ঘদিন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির প্রার্থী হারুনুর রশিদকে হারিয়ে সংসদ সদস্য হন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিক গণসংযোগ করতে পারিনি বলে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে।’
নবনির্বাচিত সংসদ সদস্য তার সমর্থক নেতাকর্মীদের উদ্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ যেন অতি উৎসাহে এমন কোনও কাজ না করেন, যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে আমি জিরো টলারেন্স।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন।